চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে।
নিহত আজিজুল হক (২৮) খুলশী থানাধীন মতিঝর্ণা এলাকার মতিঝর্ণা মধ্যম জামে মসজিদে থেকে ইমামতি করতেন। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
খুলশী থানার এসআই আবু হানিফ জানান, শুক্রবার সকালে মতিঝর্ণা মধ্যম জামে মসজিদে এ ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মসজিদের ভেতর বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে আজিজুল বিদ্যুতায়িত হন।
স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
