দিনভর বিদ্যুৎহীন চবি, শিক্ষার্থীদের বিক্ষোভ
সারা দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গরমের পাশাপাশি পানির ভোগান্তি পোহাতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রাবাসগুলোর শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যুৎহীন কাটানোর পর শিক্ষার্থীরা রাত ৮টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করলে ঘণ্টাখানেক পরে বিদ্যুৎ আসে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১০টি ছাত্রাবাসে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী থাকেন। সকাল ৮টা থেকে এসব ছাত্রাবাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানিও ছিল না।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আলাওল হলের আবাসিক ছাত্র সরফুদ্দিন পাভেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, “সকাল থেকে পানি-বিদ্যুৎ ছিল না। গরমে অতিষ্ট শিক্ষার্থীরা গোসলও করতে পারেনি।”
স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, “হাটহাজারী গ্র্রিডের সরবরাহ লাইনে যান্ত্রিক সমস্যা হওয়ার কারণে সকাল ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ কারণে হলগুলোতে পানি সরবরাহ করাও সম্ভব হয়নি।”
রাত ৮টার দিকে আলাওল হলের ছাত্ররা বিক্ষোভ মিছিল শুরু করলে অন্যান্য হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। মিছিলটি ক্যাম্পাসের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
রাত সোয়া ৯টার দিকে বিদ্যুৎ আসে বলে প্রাধ্যক্ষ মনিরুল হাসান জানান।
