চট্টগ্রামে গ্যাস নিয়ে ভোগান্তি
চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় চট্টগ্রাম নগরীতে তিনদিন ধরে গৃহস্থালি ও শিল্প কারখানায় গ্যাসের ঘাটতিতে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সমস্যায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। গ্যাস সরবরাহ কম থাকায় কমেছে বিদ্যুৎ উৎপাদনও।
মঙ্গলবার থেকে নগরীর বাকলিয়া, আসকার দিঘীর পাড়, দেওয়ানবাজার, হালিশহর, বায়েজিদ, পতেঙ্গা, দেওয়ানহাট ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় গৃহস্থালিতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা গৃহিণী জান্নাতুল ফেরদৌস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে গ্যাস চলে যায়। বিকাল ৩টার দিকে ঘণ্টাখানেকের জন্য একবার আসে। আবার রাত ১১টার দিকে চুলায় গ্যাস থাকে।
“দুই দিন ধরে ভোরে উঠে রান্না করছি। কিন্তু রাতের খাবার রান্না করতে খুব কষ্ট হচ্ছে। গ্যাসের চাপও খুব কম।”
এদিকে গ্যাসের সরবরাহ কম থাকায় নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।
চট্টগ্রামের বিভিন্ন রি রোলিং মিল এবং শিল্প কারখানায় ‘রেশনিং’ করে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) খন্দকার মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের গ্রিড লাইন আশুগঞ্জ থেকে শুরু। সেখানে কম্প্রেসারে গ্যাসের চাপ কম থাকায় চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে এ চাপ আরও কমে যাচ্ছে।”
খন্দকার মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে ২৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ ছিল। বিকালে তা কমে ২৩০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। বিভিন্ন বেসরকারি কল কারখানায় দিনের একটা সময় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এদিকে গ্যাসের অভাবে চট্টগ্রামের সরকারি একটি বিদ্যুৎকেন্দ্র ও অন্য একটি কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাউজান কেন্দ্রের দুই ইউনিট (সর্বমোট ১০০ মেগাওয়াট বিদ্যুত পাওয়া যায়) এবং শিকলবাহা দেড়শ মেগাওয়াট কেন্দ্রটি গ্যাস চালিত। এই দুই কেন্দ্রে দৈনিক ১৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার।
“চলতি মাসের ৯ অগাস্ট পর্যন্ত নিয়মিত গ্যাস সরবরাহ পাওয়া গেছে। ১০ অগাস্ট থেকে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে ৩০-৩৫ মিলিয়ন ঘনফুট। এতে রাউজান কেন্দ্রের একটি ইউনিট চলছে।”
চট্টগ্রামের সরকারি বিদ্যুৎ কেন্দ্র্র হলো কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র, শিকলবাহা দেড়শ মেগাওয়াট ও শিকলবাহা ৬০ মেগাওয়াট, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট ও হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট।
সরকারি-বেসরকারি মিলিয়ে চট্টগ্রামে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুতের উৎপাদন ৯০০ মেগাওয়াট। চট্টগ্রামে দৈনিক বিদ্যুতের চাহিদা সাড়ে সাতশ থেকে আটশ মেগাওয়াট।
চট্টগ্রামে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র সাতটি। এরমধ্যে জুলধা ১০০ মেগাওয়াট, এনার্জি প্যাক ১১০ মেগাওয়াট, রিজেন্ট পাওয়ার ২২ মেগাওয়াট, আরপিসিএল ২৬ মেগাওয়াট, বারাকা পতেঙ্গা ৫৫ মেগাওয়াট, ইউনাইটেড পাওয়ার ৪৪ মেগাওয়াট এবং শিকলবাহা ৫৫ মেগাওয়াট।
বেসরকারি কেন্দ্রগুলো গ্যাস চালিত নয়। এই কেন্দ্রগুলোতে উৎপাদন চালু আছে।
