২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের প্রায় দেড় একর জমি অবৈধ দখলমুক্ত

চট্টগ্রামের তালতলা ও ইস্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে বন্দর কর্তৃপক্ষের প্রায় দেড় একর জমি অবৈধ দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 06:37 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।

অভিযানে তালতলা এলাকার দুটি ট্রাক টার্মিনাল, একটি মাজার ও তিনটি অবৈধ গ্যারেজ এবং ইস্ট কলোনির ২০টি সেমিপাকা অবৈধ স্থাপনা ও দুটি ক্লাব ঘর উচ্ছেদ করা হয়।

তালতলায় টার্মিনাল ও গ্যারেজ উচ্ছেদের সময় পাঁচ জনকে আটক করা হয়।

আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ বন্দরের প্রায় দেড় একর জমি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

“প্রতিষ্ঠানের মালিকরা এলে জরিমানা করে ও মুচলেকা দিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে।”

পোর্ট অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অব পজিশন) অর্ডিনেন্স-১৯৬২ এর আওতায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ম্যানেজার (এস্টেট) জিল্লুর রহমান, পুলিশ ও বন্দরের আনসার সদস্যরা।