২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরেক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে বকেয়া ও অগ্রিম বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 05:48 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর ষোলশহর-বায়েজিদ বোস্তামী সড়কে ‘ক্যালভিন ফ্যাশন’ নামের কারখানার সামনে এঘটনা ঘটে।

চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে কারখানার শ্রমিকদের অগাস্ট মাসের বেতন পরিশোধ না করায় ভেতরই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

“বকেয়া বেতনের পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে ১৫ দিনের অগ্রিম বেতন দাবি করেন শ্রমিকরা। বিকাল ৪টার দিকে তারা মূল সড়কে নেমে আসেন। সঙ্কট সমাধানে শিল্প পুলিশের কর্মকর্তারা কারখানার মালিককে ডাকেন।”

এরপর কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে অগাস্টের বকেয়া বেতন পরিশোধ এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে ১৫ দিনের অগ্রিম বেতন পরিশোধের আশ্বাস দিলে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।

এর আগে সকালে বকেয়া বেতনের দাবিতে দুই ঘণ্টা ধরে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আমিন জুট মিলের শ্রমিকরা।

পুলিশের সঙ্গে আলোচনার পর মিল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিলে বেলা ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।