চট্টগ্রামে পাঁচ রেস্তোরাঁকে জরিমানা
নিবন্ধন ছাড়া ব্যবসা করায় চট্টগ্রামে পাঁচ রেস্তোরাঁকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শামসুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ ১৯৮২ এর ৫ ধারা অনুসারে হোটেল ও রেঁস্তোরাকে নিবন্ধন করতে হয়। নিবন্ধন ছাড়াই ব্যবসা করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।”
এর মধ্যে নগরীর সদরঘাট রোডের মুনস্টার হোটেলকে ১০ হাজার টাকা, স্টেশন রোডের নিজাম হোটেলকে তিন হাজার টাকা, সদরঘাট রোডের হোটেল ডিলাইট ও হোটেল মালাবারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া আলকরণের খুশবু হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান শামসুজ্জামান।
