২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেল কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

সংবাদ সংগ্রহ করতে যাওয়া একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে চট্টগ্রামের এক রেল কর্মকর্তার বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 12:54 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

পূর্ব রেলের মহাব্যবস্থাপক জিএম মকবুল আহাম্মদ ‘ভদ্রতা’ শিখতে বলেন বলে এটিএন নিউজের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক মাসুদুল হক জানান।

রেল কর্মকর্তার এই আচরণের নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

এক বিবৃতিতে তারা অবিলম্বে রেলের জিএমকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন।

পেশাগত কাজে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে গিয়েছিলেন মাসুদুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রিটিশবিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দাদারের আত্মাহুতির স্মৃতিময় ইউরোপিয়ান ক্লাব নিয়ে সংবাদ সংগ্রহের অংশ হিসেবে জিএম কার্যালয়ে যাই।

“এসময় তিনি (মকবুল) কথা বলতে পারবেন না বলে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলতে বলেন এবং তার সঙ্গে তর্ক না করে আমাকে ভদ্রতা শিখে আসতে বলেন। অথচ তিনি আমাকে সাংবাদিক জেনেই তার কক্ষে ঢুকতে অনুমতি দিয়েছিলেন।”

এ বিষয়ে মকবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ভুল কথা। আমি ওইভাবে বলিনি। উনি আমার কথা বুঝতে পারেননি।

“ওই রিপোর্টার যখন এসেছিলেন তখন আমি নামাজ পড়িনি, খাবারও  খাইনি। প্রীতিলতার বিষয়ে আমার ধারণা না থাকায় উনাকে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে বলেছিলাম।”

অনুমতি দেওয়ার কথা স্বীকার করে রেল কর্মকর্তা মকবুল বলেন, “আমি মনে করেছিলাম, উনি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন। কোনো বিষয়ে না জেনে মন্তব্য করা ঠিক না। সেকারণে উনাকে পরে আসতে বলেছিলাম।”