চট্টগ্রামে ১৯ গাড়ি চালককে জরিমানা, সাজা
চট্টগ্রাম নগরী ও লোহাগাড়ায় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯ গাড়ি চালককে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে লোহাগাড়ায় এবং নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালিত হয়।
এদের মধ্যে লোহাগাড়য় অভিযানে শওকত হোসেন নামে এক মাইক্রোবাস চালককে এক মাস বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছে আদালত।
অভিযানে নেতৃত্ব দেওয়া লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, সনদ, ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
“এসময় বাস, মাইক্রোবাস, পিকআপ, চাঁদের গাড়ি ও ট্রাকের মোট ১১ জন চালককে ৩৭ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।”
দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত বসাকের নেতৃত্বে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ফিটনেস ও সনদবিহীন গাড়ির আট জন চালককে মোট দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
