কোরবানির হাটের আগে চট্টগ্রামে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
কোরবানির আগে চট্টগ্রাম নগরীর লালদীঘির পশ্চিম পাড় এলাকার কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে গরু মোটাতাজা করার ওষুধ পেয়ে ওষুধের দোকানগুলোকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে লালদীঘির পাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানের সময় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট এবং অনুমোদনহীন-মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পলের ওষুধ বিক্রি করায় ছয়টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে লালদিঘীর পাড় এলাকার ওভারসিজ ফার্মেসি থেকে একশ পাতা (প্রতি পাতায় ১০টি করে) ‘ডেক্সিন’ (ডেক্সামিথাজোন ট্যাবলেট) উদ্ধার পাওয়া যায়।
এ কারণে ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রট রুহুল বলেন, কোরবানিকে সামনে রেখে গরু মোটা তাজা করতে ভারত থেকে এসব ওষুধ আনা হয়েছে।
এছাড়া একই অভিযানে লালদীঘির পাড়ের আরও পাঁচটি ফার্মেসিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে এনাম মেডিকেল হলকে ২০ হাজার টাকা, এফ এম মেডিকেল হলকে ১৫ হাজার টাকা, আয়েশা মেডিকোকে ১০ হাজার টাকা এবং নাহার মেডিকো ও নিউ কন্টিনেন্ট মেডিকোকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পলের ওষুধ বিক্রি করায় ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুসারে এসব জরিমানা করা হয়।
