২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবক ও কিশোরীর লাশ উদ্ধার

চট্টগ্রামে আলাদা ঘটনায় এক যুবক ও এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সোমবার নগরীর ইপিজেড থানার কর্ণফুলী নদী থেকে যুবকের এবং সন্দ্বীপ উপজেলা থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

কিশোরী নাদিয়া সুমাইয়া (১৫) সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাহারুল ইসলামের মেয়ে এবং রহমতপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

অন্যদিকে নগরীর ইপিজেড থানাধীন কর্নফুলী নদী থেকে উদ্ধার যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ইপিজেড থানার ওসি আবুল কালাম জানান, চট্টগ্রাম নগরীর নৌ বাহিনীর ‘বিএনএস ইশা খাঁ’ ঘাঁটির পেছনে কর্ণফুলী নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নদীতে রাখা নৌ বাহিনীর দুটি জাহাজের ফাঁক থেকে লাশটি উদ্ধার করা হয়। জিন্স প্যান্ট ও টি-শার্ট পড়া যুবকটির শরীর পঁচে বিকৃত হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বেশ কয়েকদিন আগে ‍যুবকটি মারা গেছে এবং নদীর পানিতে ভেসে এসে লাশটি জাহাজের ফাঁকে আটকে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সন্দ্বীপ থানার ওসি এইচএম মশিউর রহমান জানান, দুপুরে উপজেলার রহমতপুর এলাকার একটি ডোবা থেকে কিশোরী নাদিয়ার লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওই স্কুলছাত্রী রোববার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

দুপুরে একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয় এবং পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি মশিউর বলেন, রোববার থেকে নাদিয়া নিখাঁজ থাকলেও পরিবারের পক্ষ থেকে লাশ উদ্ধারের আগে পুলিশকে কিছু জানানো হয়নি। লাশ উদ্ধারের পর তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।