২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি নাবিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধের দাবি

নাবিক নিয়োগে অনিয়ম, জাল সিডিসি ইস্যু এবং অবৈধ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের কারণে দেশে বর্তমানে আড়াই হাজার নাবিক বেকার বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ মেরিটাইম ইন্সটিটিউটের (এনএমআই) সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 08:54 PM

Updated : 25 Apr 2022, 01:51 PM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘এক্স রেটিংস অফ এনএমআই’ নামের সংগঠনটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাবিক নজরুল ইসলাম নোবেল।

তিনি বলেন, বাংলাদেশে সরকারি শিপিং অফিস অনুমোদিত ৫৬টি এজেন্সি দেশি-বিদেশি জাহাজে নাবিক নিয়োগের মাধ্যম হিসেবে কাজ করে।

“কিন্তু সমুদ্র পরিবহন অধিদপ্তরের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার মদদে এসব এজেন্সি এখন নাবিক প্রশিক্ষণের কাজও করছে, যা মার্চেন্ট শিপিং অর্ডিনেন্স-১৯৮৩ অনুসারে অবৈধ।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনএমআইতে ১৯৯৪ থেকে ২০১১ সাল পর্যন্ত ১৮ বছরে মোট এক হাজার ৯২৪ জন নাবিক প্রশিক্ষণ দেওয়া হয়।

নজরুল ইসলাম বলেন, “অথচ ২০১৩ থেকে চলতি বছর পর্যন্ত ৭৬১ জন নাবিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরমধ্যে ৫৮০ জনই বেকার। এছাড়া আরও প্রায় দুই হাজার পুরনো নাবিক বেকারত্বে ভুগছেন।”

চলতি বছর অগাস্ট পর্যন্ত মাত্র ৪৬ জন নাবিক চাকরি পেয়েছেন জানিয়ে নজরুল ইসলাম বলেন, এ হিসাবে আগামী ছয় বছর আর কোনো নবীন নাবিক নির্বাচনের প্রয়োজন নেই।

“এনাম কমিটির সিদ্ধান্ত-১৯৮৩ অনুসারে নবীণ নাবিক নির্বাচনের একমাত্র বৈধ কর্তৃপক্ষ শিপিং মাস্টার। এ নিয়ে হাইকোর্টে রিটও আছে। রিট নিষ্পত্তি না হলেও সম্পূর্ণ অবৈধভাবে বেসরকারি প্রতিষ্ঠান নবীন নাবিক নির্বাচন করছে।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কোনো প্রশিক্ষণ ছাড়াই সমুদ্র পরিবহন অধিদপ্তর সাড়ে চার হাজার নাবিককে পরিচয়পত্র দিয়েছে।

সংবাদ সম্মেলনে বেসরকারি নাবিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল, নতুন সিডিসি ইস্যু বন্ধ করা, বেকার নাবিকদের ভাতা প্রদান, নাবিকদের ভিসা জটিলতা দূর করা, সরকারি শিপিং অফিস ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।