আড়াই ঘণ্টার অবরোধে যানজটের ভোগান্তি চট্টগ্রামে
উচ্চ শিক্ষায় টিউশন ফির উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অবরোধের কারণে বন্দর নগরীর মুরাদপুর, দুই নম্বর গেইট, ওয়াসার মোড়, লালখান বাজার মোড়, প্রবর্তক মোড়, মেহেদীবাগ, দেওয়ানহাটসহ সংলগ্ন বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
যানজটের কারণে রোববার দুপুরে স্কুলফেরত শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন।
তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও হজযাত্রী বহনকারী গাড়ি চলাচলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা গেছে।
সকাল সোয়া ১১টা থেকে দেড়টা পর্যন্ত নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবরোধ করে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কের ওয়াসা ভবন সংলগ্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ হয়ে আলমাস সিনেমার মোড় পর্যন্তও যান চলাচল বন্ধ ছিল।
তবে ওয়াসা ভবনের বিপরীত পাশে সড়কের জিইসিমুখী অংশে গাড়ি চলছিল।
অবরোধকারী শিক্ষার্থীরা ওয়াসার মোড়ে গোল চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে ছিল ‘নো ভ্যাট, অন এডুকেশন’ লেখা পোস্টার।
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম’র ব্যানারে বিক্ষোভে অংশ নেয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, আইআইউসি, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, সাউর্দার্ন বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় এবং আইইউসি’র শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবস্থান চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও তারা সড়কের খোলা থাকা অংশে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টায় ব্যস্ত ছিলেন।
সড়কে অবস্থান নেওয়ার বিষয়ে তিনি বলেন, “ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের মতো জায়গা নেই। তাই সড়কেই অবস্থান নিতে হচ্ছে।”
অবস্থানের কারণে যানজট ও ভোগান্তির বিষয়ে জানতে চাইলে মাসুক কামাল বলেন, “পথচারীদের সাময়িক সমস্যা হচ্ছে এটা ঠিক। তবে রোগী ও হজযাত্রীদের গাড়ি আমরা পার করে দিয়েছি।”
অবস্থান কর্মসূচি চলাকালেই বেলা সাড়ে ১২টার দিকে নগরীর ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ মহিলা সমিতি বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে ছুটি হয়।
এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা হেঁটে গন্তব্যে রওনা হন। ততক্ষণে যানজট মুরাদপুর পর্যন্ত ছড়িয়ে যায়।
বেলা সোয়া ১টার দিকে লালখান বাজার মোড়ে কথা হয় অভিভাবক শারমিন সুলতানার সাথে। নিজের দুই সন্তানকে নিয়ে হেঁটেই তিনি বাসায় ফিরছিলেন।
তিনি বলেন, “গাড়ি চলাচল বন্ধ। তার ওপর গরমে বাচ্চাদের কষ্ট হচ্ছে।”
“অন্য পাশের কিছু গাড়ি ঘুরিয়ে দিয়েছি। যান চলাচল যতটুকু স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টাই করেছি।”
এদিকে বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে সড়ক অবরোধ করে।
এসময় অবরোধস্থলের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী মো. সাকিব বলেন, “প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধের পর পুলিশ এসে আমাদের সরিয়ে দেয়।”
চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ১০-১৫ মিনিট সড়ক অবরোধ করেছিল। সবাই শিক্ষিত ছেলে। তাদের বলার পরই অবরোধ তুলে নিয়েছে।
