চট্টগ্রাম কারাফটকে ফের আটক হিযবুতকর্মী
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পাওয়া পর কারাফটক থেকেই আবার আটক করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীর’র এক কর্মীকে।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, শুক্রবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে রাজু খন্দকার (২২) নামের ওই তরুণকে আটক করা হয়।
“রাজুর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা- তা খতিয়ে দেখতে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।”
গত বছরের ২১ ফেব্রুয়ারি আন্দরকিল্লা এলাকা থেকে রাজুসহ হিযবুত তাহরীরের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই সময় তাদের কাছ থেকে ‘রাষ্ট্র ও সরকারবিরোধী’ বেশ কিছু লিফলেট উদ্ধারের কথা জানিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছিল পুলিশ।
ওই মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান রাজু। জামিনের নথি কারাগারে পৌঁছানোর পর শুক্রবার বেলা ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. জাহেদ হোসেন জানান।
এর পরপরই পুলিশ রাজুকে আটক করে থানায় নিয়ে যায়।
