চট্টগ্রামে ফুটপাতের দোকান উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট সংলগ্ন এলাকায় ফুটপাতের ৬০টি দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
করপোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় বিপ্লব উদ্যান সংলগ্ন ফুটপাত ও নালার পাশে এবং সড়কের বিপরীত পাশে চশমা খালের পাড়ে থাকা ৬০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
একই ভ্রাম্যমাণ আদালত শিশু একাডেমি সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইকুইটি প্রোপার্টিজ ম্যানেজম্যান্ট কর্পোরেশনকে এক লাখ টাকা জরিমানা করে।
নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের মাটি নালায় ফেলায় ওই জারিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
