চট্টগ্রামের জমি নিয়ে মারামারির পর ছাত্রলীগ নেতা আটক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া পর নগর ছাত্রলীগের এক নেতাসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে নগর ছাত্রলীগ সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবলাসহ অন্যদের আটক করা হয় বলে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরহাদাবাদ দরবারে মুসাবিয়ার উত্তরসূরি দুই মেয়ে। বড় ও ছোট মেয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে।
“এ নিয়ে আজ সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩০ জনকে লাঠিসোঁটাসহ আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই চলছে।”
নগর কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবলা আটক হওয়ার বিষয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন সে ঘটনাস্থলে গিয়েছিল, সে বিষয়ে আমি কিছু জানি না।”
