চট্টগ্রামে ট্রাক চাপায় নারীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন।
নিহত জাহানারা বেগম (৩২) নোয়াখালীর চর আমিন উল্লাহ উপজেলার সিরাজ মিয়ার স্ত্রী।
সোমবার সন্ধ্যায় মহাসড়কের বার আউলিয়া এলাকার শাহ আমির উল্লাহ ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির এসআই আশিকুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক উল্টোদিকে গিয়ে জাহানারাকে চাপা দেয়।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এদিকে ঘটনার পরপর স্থানীয়রা ওই এলাকায় মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানায় পুলিশ।
এসআই আশিকুর বলেন, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
