কুকুরের মৃত্যু নিয়ে দুই পক্ষের মারামারিতে গুলিবিদ্ধ পথচারী
এক বছর আগে গৃহপালিত এক কুকুরের মৃত্যু নিয়ে দুই প্রতিবেশীর ঝগড়ার মধ্যে পড়ে চট্টগ্রাম নগরীর হালিশহরে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার বিকালে নিউ এ ব্লক এলাকায় গুলিবিদ্ধ জাহিদুল হক (২৬) একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হালিশহর থানার ওসি আহছান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় এক বছর আগে স্থানীয় বাসিন্দা বাপ্পীর গৃহপালিত একটি কুকুরকে কেউ পিটিয়ে মেরে ফেলে।
“এ নিয়ে প্রতিবেশী তুহিন ও ফয়সালের সঙ্গে আজ বাপ্পীর ঝগড়া হয়। এক পর্যায়ে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় এক রাউন্ড গুলি ছোড়ে বাপ্পীর বিরোধীরা।”
জাহিদুল তখন ওই পথ দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন বলে ওসি জানান। তিনি বলেন, সংঘর্ষে জড়িত অভিযোগে নাজির হোসেন নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
জাহিদুলের জখম হাতে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার আঘাত তেমন গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
