সিলেটে পাঠানো রড গেল সন্দ্বীপ, ১ ব্যক্তি গ্রেপ্তার
চট্টগ্রাম থেকে সিলেটে পাঠানোর পথে চুরি যাওয়া ২০ মেট্রিক টন রড উদ্ধার করা হয়েছে দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে।
বৃহস্পতিবার নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক উৎপল বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামান এন্টারপ্রাইজ নামে নগরীর খাতুনগঞ্জের একটি প্রতিষ্ঠান ২০ টন রড সিলেটে পৌঁছে দেওয়ার জন্য উত্তম কুমারের প্রতিষ্ঠানের ট্রাক ভাড়া করে।
“পরদিন মালামালসহ ট্রাকটি যথাস্থানে না পৌঁছায় ট্রাক চালক নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীকে ট্রান্সপোর্ট মালিকের সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করতে থাকেন।”
পরিদর্শক উৎপল বড়–য়া বলেন, এই ঘটনায় জামান এন্টারপ্রাইজের ম্যানেজার বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন। ঘটনা তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশ উত্তম সাহাকে গ্রেপ্তার এবং সন্দ্বীপ উপজেলার গুপ্তাছড়া বাজারে পরিত্যক্ত অবস্থায় এসব রড উদ্ধার করে।
তিনি বলেন, ট্রাক চালক সিলেটের পরিবর্তে চট্টগ্রামের কুমিরা ঘাট দিয়ে রডগুলো সন্দ্বীপ নিয়ে যায়।
রড চুরি যাওয়া সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় উত্তম সাহাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা উৎপল বলেন, এ ঘটনার সাথে যুক্ত ট্রাক চালক নিজাম, তার সহাযোগী নুরুদ্দিন এবং সন্দ্বীপ এলাকার রুবেলকে গ্রেপ্তারে অভিযান চালছে।
উদ্ধার হওয়া রডের আনুমানিক মূল্য সাড়ে আট লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
