অবৈধ উপার্জন: চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তার সাজা
সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার দায়ে সাবেক এক কাস্টমস কর্মকর্তাকে সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত শেখ আকরাম হোসেন টেকনাফের কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কার্যালয়ের তত্ত্বাবধায়ক ছিলেন।
বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিন দুদক আইনের দুটি ধারায় তাকে এক ও সাত বছর করে কারাদণ্ড দেন।
সেইসঙ্গে ‘অবৈধভাবে উপার্জিত’ এক কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকার পুরোটাই তাকে জরিমানা করেছেন বিচারক।
জরিমানার অর্থ না দিতে পারলে আকরামকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক জানান।
দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, “জরিমানার টাকা শেখ আকরামের স্থাবর সম্পত্তি থেকে কেটে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক।”
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আকরামের দুই স্ত্রী জাহানারা বেগম ও নিলুফার ইয়াসমিনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ৯২ লাখ ১১ হাজার ১৫ টাকার সম্পদের তথ্য গোপন ও এক কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৪৩৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়-২ এর উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ২০১১ সালের ১৬ অক্টোবর ডবলমুরিং থানায় আকরামের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে দুদকের উপ-সহকারী পরিচালক আজিজুল হক ২০১৩ সালের ২৪ জুলাই ‘দুদক আইন ২০০৪’ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন এবং পরের বছরের ৭ মে আদালত অভিযোগ গঠন করে।
আইনজীবী মাহমুদুল হক বলেন, রাষ্ট্রপক্ষের ১০ জনের মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শেখ আকরাম হোসেনকে ২৬ (১) ধারায় এক বছর এবং ২৭ (১) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
রায়ের পরপরই শেখ আকরামকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
