চট্টগ্রামে শিবির কার্যালয় থেকে গ্রেপ্তার ৪
চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের কার্যালয় থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের তিনজন শিক্ষার্থী এবং অন্যজন ডিপ্লোমা প্রকৌশলী। পুলিশের দাবি, চারজনই ছাত্র শিবিরের কর্মী।
সোমবার বেলা ৩টার দিকে বাকলিয়া ডিসি রোডে আল ইসরা ভবনে ছাত্র শিবিরের কার্যালয়ে ‘গোপন বৈঠকের’ জন্য জড়ো হলে তাদের গ্রেপ্তার করা হয় বলে চকবাজার থানার ওসি আজিজ আহমদ জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা মো. হেলাল উদ্দিন (২৪), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মিজানুর রহমান (২১), কক্সবাজারের পেকুয়ার রাকিব মাহমুদ (২০) এবং বান্দরবান সদরের আর্মিপাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল মুন্না (২৪)।
মুন্না বান্দরবান পলিটেকনিক থেকে ডিপ্লোমা প্রকৌশল পাস করেছেন। রড তৈরির প্রতিষ্ঠান বিএসআরএম এ চাকরির ভাইভা দিতে চট্টগ্রাম এসে ওই ভবনে ‘বড়ভাইয়ের’ কাছে উঠেছিলেন বলে তার দাবি।
রাকিব চকরিয়ার পেকুয়া থেকে এইচএসসি পাস করে শিবির পরিচালিত ইনডেক্স কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে কয়েকদিন আগে চট্টগ্রাম আসেন বলে দাবি করেন।
মিজানুর রহমান চকরিয়ার একটি মাদ্রাসা থেকে এবারে আলিম পাস করেছেন এবং হেলাল ওই ভবনে থাকতেন।
চারজনেরই দাবি, তারা কেউই ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত নন।
ওসি আজিজ বলেন, “শিবিরের কার্যালয়ে তারা বৈঠকের জন্য এসেছিল বলে আমাদের কাছে সংবাদ ছিল। পুলিশ অভিযান চালালে উপস্থিত অনেকেই পালিয়ে যায়।”
