চট্টগ্রামে ২৭০ কেজি বিস্ফোরকসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রামের শিকলবাহা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকালে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকা থেকে ওমর ফারুক (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওমর ফারুকের বাসা থেকে ২৭০ কেজি বিস্ফোরক উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করা হয়।
“বিস্ফোরকগুলো সালফার বলে মনে হচ্ছে। পাঁচটি বস্তায় এগুলো রাখা ছিল।”
এসব আমদানি বা রাখার কোনো অনুমতির প্রমাণপত্র ফারুক দেখাতে পারেনি বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
