ছোট সাজ্জাদ ও তার স্ত্রী আরো ২ মামলায় গ্রেপ্তার
শুনানিতে তারা কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন।
চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ আদেশ দেন চট্টগ্রামের মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা।
আদালতের সহকারি পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ শুনানি শেষে আদালত সাজ্জাদ ও তার স্ত্রীকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।
“সাজ্জাদ রাজশাহী কারাগার থেকে এবং তার স্ত্রী তামান্না ফেনী কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন।”
এর আগে রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে চান্দগাঁও থানার পুলিশ।
মামলা দুটির একটি হচ্ছে—জুলাই অভ্যুত্থানে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় ফজলে রাব্বী নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা। অপর মামলাটি সেই সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় করা।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত। এ ‘ছোট সাজ্জাদ’ হলেন হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী।
দুই যুগ আগে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে দিনের বেলায় আড়াআড়ি বাস রেখে ছাত্রলীগ নেতাকর্মীবাহী মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে আটজনকে হত্যার আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। তার অনুসারী হিসেবে তার পক্ষে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি করেন ছোট সাজ্জাদ।
গত ১৫ মার্চ ঢাকার ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। চট্টগ্রামে প্রকাশ্যে বিভিন্ন খুন, ফেইসবুক লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ থানার ওসিকে পেটানোর হুমকিসহ নানা কারণে আলোচিত ছিল ছোট সাজ্জাদ।
গ্রেপ্তারের পর ছোট সাজ্জাদকে চট্টগ্রাম জেলার শীর্ষ সন্ত্রাসী বর্ণনা করে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছিলেন, “গত বছরের অগাস্টে অক্সিজেন এলাকায় জোড়া খুন এবং পরবর্তীতে চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করেছে সে। পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি, গার্মেন্টেসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং অপরাধী কার্যক্রম করত।
“দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে সে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধী কার্যক্রমগুলো পরিচালনা করত ছোট সাজ্জাদ।”
নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় গত ৩০ মার্চ ভোর রাতে ধাওয়া করে প্রাইভেটকার থামিয়ে দুজনকে গুলি চালিয়ে হত্যা করা হয়। আহত হন আরও দুইজন।
হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনের নাম দিয়ে নগরীর বাকলিয়া থানায় মামলা করেন নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম।
তিনি অভিযোগ করেন, কারাগারে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর ‘পরিকল্পনায়’ খুনের ওই ঘটনা ঘটে।
এছাড়া গত ২৩ মে পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর, ৫ নভেম্বর সরোয়ার হোসেন বাবলা খুনের পরও আলোচনায় আসে ছোট সাজ্জাদের নাম।
আর ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর ফেইসবুক লাইভে কাড়ি কাড়ি টাকা দিয়ে সাজ্জাদকে ছাড়িয়ে আনা, বিরোধী পক্ষকে হুমকি দেওয়াসহ নানা কারণে আলোচিত ছিল তার স্ত্রী তামান্না। গত ১০ মে জোড়া খুনের মামলায় তামান্নাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গত মাসে চট্টগ্রাম থেকে ছোট সাজ্জাদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে, আর তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
