নালায় পড়ে প্রাণ হারানো নিপার পরিবার পেল ১ লাখ টাকা
তার বোনকে চাকরি দেওয়ার আশ্বাস মেয়র রেজাউলের।
কলেজে যাওয়ার সময় পানিতে পড়ে মারা যাওয়া ছাত্রীর বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার মেয়র মৃত নিপা পালিতের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়াহাট এলাকার বাড়িতে যান।
এ সময় উপস্থিত সাংবাদিকদের মেয়র রেজাউল বলেন, “নিপার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সন্তানের এমন চলে যাওয়া কোনো বাবা-মায়ের পক্ষে মেনে নেয়া সম্ভব না। সন্তান হারানোর মতো এত বড় বেদনা আর হতে পারে না। মহান সৃষ্টিকর্তা নিপার পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দিক।”
ওই পরিবারকে নগদ এক লাখ টাকা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “নিপা পালিতের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় আমি তাদের আর্থিক সহায়তা দিয়েছি। এছাড়া মৃতের বোন উপমা পালিত উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত, ওর পড়াশোনা শেষ হলে চাকরি প্রদান করব।”
এ সময় মৃতের পরিবারের সদস্যরা জানায়, নিপার মৃগী রোগ ছিল। সোমবার বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেলেও তিনি কলেজে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। হাটহাজারী উপজেলার ইসলামীয়া হাট বাদামতলা এলাকায় হঠাৎ মাথা ঘুরে পাহাড়ি ঢলের নালাভর্তি পানিতে পড়ে যান তিনি। পরে আর তিনি পানি থেকে উঠতে পারেনি।
বাদামতলা এলাকার উত্তম পালিতের মেয়ে নিপা পালিত (১৯) হাটহাজারী সরকারি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
