১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাইকে সাজেক-কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

পাঁচ বাইকে ঘুরতে বেরিয়েছিলেন ১০ বন্ধু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 12:11 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

চট্টগ্রামে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। তারা চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া এলাকার বাসিন্দা। 

নিহতরা মোটর সাইকেলে করে কক্সবাজার থেকে চাঁদপুর ফিরছিলেন বলে জানিয়েছেন তাদের সহযাত্রীরা। 

হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত দুই যুবক বাইক নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ঠাকুরদিঘী এলাকায় কক্সবাজারমুখী মাছবাহী একটি পিকআপের সঙ্গে মোটর সাইকেলে সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলে বাইক চালক তৌহিদের মৃত্য হয়। আর গুরুতর আহত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, সকাল পৌনে ৯টার দিকে মাহীকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতদের বন্ধু মো. সোহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচটি বাইকে তারা ১০ বন্ধু চাঁদপুর থেকে সাজেক হয়ে রোববার কক্সবাজার গিয়েছিলেন। সকালে চাঁদপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।