পাঁচ টিয়াসহ বাসের সুপারভাইজার গ্রেপ্তার
“আদালতের নির্দেশনা পেলে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে,” বলছেন বন কমর্কর্তা দীপান্বিতা।
চট্টগ্রাম নগরী থেকে পাঁচটি টিয়াসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
মঙ্গলবার সকালে অলঙ্কার মোড় বাসস্ট্যান্ড থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আটক ৪৩ বছর বয়সী জয়নাল আবেদিন (৪৩) কুড়িগ্রাম এ আর ট্রাভেলসের সুপারভাইজার। তার বাড়ি রংপুরে পীরগাছায়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বগুড়া থেকে টিয়া পাখিগুলো চট্টগ্রামে আনা হয়েছে। বগুড়ার এক ব্যক্তি জয়নাল আবেদিনকে পাখিগুলো চট্টগ্রামে পৌঁছে দেয়ার কাজ দেয়।
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিয়া পাখিগুলো উদ্ধার করা হয়েছে। জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে।”
আটকের পর জয়নাল আবেদিনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আেইন ২০১২ এর ৩৪ (খ) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জয়নালকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে দীপান্বিতা ভট্টাচার্য বলেন, “আদালতের নির্দেশনা পেলে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।”
উদ্ধার হওয়া টিয়া পাখিগুলোর নাম সবুজ টিয়া, ইংরেজি নাম Rose ringed parakeet। এদের দেহ সবুজ, গলায় গোলাপি বলয় থাকে। ঠোঁট টকটকে লাল এবং লেজের কয়েকটি পালক হয় নীল রঙের।
দেখতে সুন্দর, সহজে পোষ মানে এবং মানুষের স্বর নকল করতে পারে সবুজ টিয়া। একারণে পোষ্য হিসেবে সবুজ টিয়ার চাহিদা আছে। প্রকৃতি থেকে এই প্রজাতির টিয়া ধরা ও বিক্রি করা হয়ে থাকে, যা বন্যপ্রাণী আইনে অপরাধ।
