২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা কারবারের দায়ে রোহিঙ্গার যাবজ্জীবন

আরেক আসামি সেলিম হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ইয়াবা কারবারে জড়িত থাকার দায়ে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এই আদেশ দেন। 

দণ্ডিত মোহাম্মদ ইউসুফ (৩৯) কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং পুরাতন রেজিস্টার্ড ক্যাম্পের ‘ই’ ব্লকের বাসিন্দা। 

এ মামলার আরেক আসামি মো. সেলিম হোসেনকে খালাস দেওয়া হয়েছে। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে। 

অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ইউসুফ জামিনে গিয়ে পলাতক হয়েছেন।”

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ অগাস্ট নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কে একটি বাস কাউন্টারের সামনে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা এক মাদক ব্যবসায়ীর অবস্থানের তথ্য পায় র‌্যাব।

র‌্যাবের টহল দল সেদিন দুপুরে সেখানে গিয়ে তিনজন ব্যক্তিকে দেখতে পায়। তখন দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করেন র‌্যাব সদস্যরা। এর মধ্যে ইউসুফের হাতে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ৪৯ হাজার ২৮০টি ইয়াবা বড়ি পায় র‌্যাব। 

এ ঘটনায় র‌্যাব-৭ এর এসআই মো. গোলাম মোস্তফা বাদী হয়ে নগরীর বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় দুই আসামির বিরুদ্ধে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে পাইকারি ও খুচরায় বিক্রির অভিযোগ করা হয়। 

তদন্ত শেষে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে করা মামলায় দুই আসামির বিরুদ্ধে ২০২২ সালের ৩১ মার্চ অভিযোগ গঠন করা হয় আদালতে। 

এই মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।