২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবির কর্মীকে তুলে নিয়ে মারধর ও টাকা আদায়, গ্রেপ্তার ২

রাত সাড়ে আটটার দিকে তুলে নেওয়ার পর ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ফিরোজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 07:07 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মীকে তুলে নিয়ে মারধর ও টাকা আদায়ের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ। 

বায়েজিদ বোস্তামী থানার পাহাড়িকা আবাসিক ও রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাদের গ্রেপ্তার করে উদ্ধার করা হয় ছিনিয়ে নেয়া মোবাইল। 

গ্রেপ্তার দুই জন হলেন- সৈয়দুল করিম (২৬) ও আরমান আলী ওরফে রাজ (৩০)। যারা পেশাদার ছিনতাইকারী বলে পুলিশের ভাষ্য। 

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভুক্তভোগী ফিরোজ আহমেদ পিডিবির খুলশী বিক্রয় ও বিতরণ বিভাগের নিম্নমান সহকারী। কুষ্টিয়ায় বাড়ি হলেও সম্প্রতি তিনি চাকরিসূত্রে চট্টগ্রামে আসেন। 

ভুক্তভোগীর বরাতে ওসি বলেন, গত ৬ জুলাই সন্ধ্যায় অফিস শেষে ফিরোজ হেঁটে বায়েজিদ টেক্সটাইল মোড়ে আসেন। এসময় করিম, রাজসহ আরও কয়েকজন যুবক এসে তার বাড়ি কোথায় জানতে চান। ফিরোজ তার বাড়ি কুষ্টিয়া বলার পরপরই তারা তাকে মাদক ব্যবসায়ী বলে ছুরি দেখিয়ে মুখ চেপে ধরে একটি অটোরিকশায় তুলে নির্মাণাধীন একটি ভবনের কাছে নিয়ে যায়। 

“তারা ফিরোজের কাছে থাকা নগদ তিন হাজার ৪০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পর মোবাইল বিকাশে থাকা এক হাজার ২০০ টাকাও ট্রান্সফার করে নেয়। পরে তার দুলাভাইকে ফোন করে আরও দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে মারধর শুরু করে।”

ফিরোজের দাবি, সেসময় তিনি তার বন্ধুর মাধ্যমে আরও সাত হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আনার পর সে টাকা এবং সাথে থাকা ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে আরও ১০ হাজার টাকা ট্রান্সফার করে নিয়ে নেয়।”

রাত সাড়ে আটটার দিকে তুলে নেওয়ার পর ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ফিরোজ। 

ওসি সঞ্জয় বলেন, গ্রেপ্তাররা ছিনতাইকারী চক্রের সদস্য। ভুক্তভোগী ফিরোজ চট্টগ্রামের বাসিন্দা নয় শুনে তারা তাকে তুলে নিয়ে বেশি টাকা আদায়ের পরিকল্পনা করেছিল। 

“ঘটনার পরদিন ফিরোজ থানায় এসে বিস্তারিত জানালেও কোন জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি। পরে তাকে নিয়ে যে জায়গা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সে জায়গায় যায় পুলিশ এবং তাকে নিয়ে অভিযানে গেলে জায়গাটি পাহাড়িকা আবাসিক এলাকার ৪ নম্বর রোড বলে শনাক্ত করেন ফিরোজ।” 

ওসি আরও বলেন, “সোমবার সেখানে অভিযান চালিয়ে করিমকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ফিরোজের মোবাইল ফোন ও এক হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যে রৌফাবাদ এলাকা থেকে রাজকে গ্রেপ্তার করা হয়।”

তারা এ ঘটনার সাথে জড়িত আরও কয়েক জনের নাম প্রকাশ করেছে বলে জানান ওসি।

গ্রেপ্তার রাজের বিরুদ্ধে ছিনতাইসহ চারটি এবং করিমের বিরুদ্ধে তিনটি মামলা আছে বলেও জানান তিনি।