২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ দিবসে চট্টগ্রামে যোগ প্রশিক্ষণ

যোগ প্রশিক্ষক সুজন সেনগুপ্ত ‘বার্ধক্যে সুস্থ ও কর্মক্ষম থাকার’ উপায় তুলে ধরে প্রশিক্ষণ দেন।

যোগ দিবসে চট্টগ্রামে যোগ প্রশিক্ষণ
চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশনের যোগ প্রশিক্ষণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 10:28 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে চট্টগ্রামে হয়ে গেল যোগ প্রশিক্ষণ।

শুক্রবার দুপুরে নগরীর মোমিন রোডে মৈত্রী ভবনে এ প্রশিক্ষণ হয়েছে।

‘কমন ইয়োগা প্রটোকল প্রোগ্রাম’ শিরোনামে এ আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশন। যোগ প্রশিক্ষক সুজন সেনগুপ্ত ‘বার্ধক্যে সুস্থ ও কর্মক্ষম থাকার’ উপায় তুলে ধরে প্রশিক্ষণ দেন।

প্রতি বছরের ২১ জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস।

চট্টগ্রাম বিভাগীয় ইয়োগা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুজন সেনগুপ্ত বলেন, “নিয়মিত যোগ চর্চার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকবে। যোগ হল চঞ্চলতা থেকে একাগ্রর দিকে যাত্রা। অস্থিরতা থেকে স্থিরতার দিকে যাত্রা। শব্দ থেকে নিরবতার দিকে যাত্রা।

“বর্তমানে যাপিত জীবনের নানা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এবং সুস্থ থাকতে নিয়মিত যোগ চর্চা করতে হবে। বয়স্কদের যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে সমাজের তথা আপামর পারিপার্শ্বিক জীবনধারাকে সুস্থ রাখতে পারব।”

ফাউন্ডেশনের সভাপতি দিপন কুমার ঘোষ যোগপর্ব পরিচালনা করেন। সংগঠনের সহ-সভাপতি পীযূষ দত্ত উত্তম কুমার দাস, ডক্টর আবুল কালাম, সংগঠনের মহিলা সম্পাদিকা সুপর্ণা কানুনগো, দপ্তর সম্পাদক লিটন নন্দী ও প্রচার সম্পাদক দিলীপ ধর চম্পক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।