‘ডা. রবিউল চলে গেলেও তার স্বপ্নগুলো ছড়িয়ে পড়ছে’
চক্ষু চিকিৎসা সেবায় তিনি একটি প্রতিষ্ঠান, প্রয়াত এ চক্ষু বিশেষজ্ঞের শোক সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেন চলে গেলেও তার স্বপ্নগুলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। প্রয়াত এ চিকিৎসকের সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার আহ্বান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের।
শনিবার চট্টগ্রাম নগরীর টাইগার পাসে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) প্রতিষ্ঠাতা এ চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নাগরিক শোকসভা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশের চক্ষু চিকিৎসা সেবায় ডা. রবিউলকে এক অবিস্মরণীয় নাম হিসেবে তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চক্ষু চিকিৎসা সেবায় তিনি একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।
“মানুষের কল্যাণে এবং মানুষের কথা চিন্তা করে তিনি আজীবন কাজ করে গেছেন। উনার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তিনি আমাদের সবার হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।”
খ্যাতনামা চক্ষু চিকিৎসক রবিউল হোসেন গত ২৭ জুন মারা যান। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি), ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (আইসিও) এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এরও প্রতিষ্ঠাতা ছিলেন।
রবিউল হোসেনের প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী মুহিত বলেন, “তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেও সেখানে নিজের নাম লেখাননি। নিজের কথা চিন্তা না করে, হাসপাতালটি পরিচালনায় বোর্ড অব ট্রাস্ট করে দিয়ে গেছেন। ”
সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, “অধ্যাপক ডা. রবিউল যে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, চট্টগ্রামের কোথায়ও এর মত সহজলভ্য চিকিৎসা সেবা নেই। দেশের আটটি জেলায় তিনি এমন চক্ষু হাসপাতাল দাঁড় করিয়েছেন। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।”
সভায় সভাপতিত্ব করেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম। আইসিও’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী।
অনুষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম মোস্তফা শামীম, ডা. আরিফুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান নাদের খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান শিরিন পারভীন হক, ডা. রবিউল হোসেনের দুই পুত্র সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন এবং সিইআইটিসি’র ট্রাস্ট বোর্ডের সদস্য রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।
