আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করছে, বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে: এ্যানি
জনস্বার্থে সরকারের এই মুহূর্তে কিছু কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে বলেও বর্ণনা করেছেন পানিসম্পদ মন্ত্রী।
আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এ পরিস্থিতি বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
চট্টগ্রাম সার্কিট হাউসে বুধবার জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, “আওয়ামী লীগ একটা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।
“কোনোভাবেই যেন এই ধরনের অস্থিরতার মাধ্যমে একটা অরাজক, নৈরাজ্য, সন্ত্রাস না করতে পারে, একদিকে রাজনৈতিকভাবে আমরা তা মোকাবিলা করব। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী আইনগত যে ব্যবস্থাটুকু নেওয়া দরকার, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”
জনস্বার্থে প্রয়োজনে সরকারের এই মুহূর্তে কিছু কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে বর্ণনা করে তিনি বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, পাহাড় কাটা, বালু উত্তোলন সংক্রান্ত আরও কিছু বিশেষ বিশেষ কাজ রয়েছে। অনেক সময় আমরা লক্ষ্য করেছি এগুলোর কারণে আইনশৃঙ্খলার অবনতি হয়। সেসব বিষয় নিয়েও বৈঠকে বিশদ আলোচনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
“এই জেলাটি ঐতিহ্যবাহী, একটা ব্যবসায়িক, অর্থনৈতিক অঞ্চল এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক শহর। মানুষ যাতে স্বাভাবিকভাবে বসবাস এবং সুন্দরভাবে জীবনযাপনের মধ্য দিয়ে চলাফেরা করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে যা যা প্রয়োজন সেভাবে সবগুলো পদক্ষেপগুলো করব।”
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সিটি মেয়র শাহাদাত হোসেনসহ স্থানীয় সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
