শিয়ালের মাংস বেচছিল দুই সহোদর
তারা কিভাবে শিয়ালটি শিকার করেছে, তা তদন্তে বের করা হবে।
শিয়ালের মাংস বিক্রির সময় চট্টগ্রামে হাতেনাতে দুই সহোদরকে আটক করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা।
রোববার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল (২৭) ও মোহাম্মদ আজিজ (২৫) আমিন কলোনিতে থাকেন। তারা রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার মোহাম্মদ ইলিয়াছের ছেলে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিয়াল কেটে মাংস বিক্রির অভিযোগ পেয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজির বেশি মাংস, পায়ের চারটি গোড়ালি, চামড়াসহ মাথা জব্দ করা হয়।
আটক দুইজনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ডিএফও রফিকুল বলেন, “জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আমিন কলোনি সংলগ্ন হিলভিউ পাহাড় থেকে শিয়ালটিকে কুকুর তাড়া করলে লোকালয়ে চলে আসে। এ সময় দুই ভাই পাথর নিক্ষেপ করে শিয়ালটিকে হত্যা করে এবং মাংস কেটে বিক্রি শুরু করে।”
তবে আটক ব্যক্তিদের বক্তব্য বন কর্মকর্তাদের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না বলে জানান ডিএফও রফিকুল।
“মামলার পর তদন্ত করে বের করতে হবে, কিভাবে তারা শিয়ালটি শিকার করেছে।”
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা (সদর) মুহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, “আটককৃতরা শিয়ালটির মাংসগুলো টুকরো করে বিক্রি করছিলেন। ৮/১০ পিসের মত মাংস বিক্রিও করেছেন; যেগুলোর ওজন এক কেজির বেশি।”
সোমবার সকালে আদালতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
