পুত্রবধূকে খুন করে সাত বছর পলাতক, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
পুলিশ বলছে, ২০১৬ সালে শবে বরাতের দিন মাংস রান্না নিয়ে ঝগড়ার জেড়ে পুত্রবধূ রুবি আক্তারকে খুন করেন শ্বশুড় ইয়াকুব নবী।
পুত্রবধূকে খুন করে পালিয়ে থাকা এক দম্পতিকে সাত বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
সোমবার হাটহাজারি উপজেলার চৌধুরীহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক নেজাম উদ্দিন জানান।
গ্রেপ্তার ইয়াকুব নবী (৬৭) এবং তার স্ত্রী খদিজা বেগমের (৫৭) বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে। হত্যাকাণ্ডের পর তারা হাটহাজারিতে আত্মগোপনে ছিলেন।
পরিদর্শক নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৬ সালে শবে বরাতের দিন ঘরে মাংস রান্না করা নিয়ে পুত্রবধূ রুবি আক্তারের সাথে শ্বশুড় ইয়াকুব নবীর ঝগড়া হয়।
“ঝগড়ার এক পর্যায়ে ইয়াকুব গলা টিপে ধরলে রুবির মৃত্যু হয়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা রুবির গলায় ওড়না পেঁচিয়ে ঘরের চালের সাথে লাশ ঝুলিয়ে রাখেন।”
পরিদর্শক নেজাম জানান, ওই ঘটনার পর রুবির পরিবার মামলা করলে ইয়াকুব-খদিজা দম্পতি বাঁশখালীর জায়গা জমি ছেড়ে হাটহাজারি চলে যান। সেখানে চৌধুরীহাটে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
মামলার তদন্তভার পাওয়া পর পিবিআই ইয়াকুব-খদিজার অবস্থান শনাক্ত করে সোমবার তাদের গ্রেপ্তার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বিকালে চট্টগ্রামের জুডিশিয়াল হাকিম আদালতে হাজির করা হলে খদিজা বেগম হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
