২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ভর্তি পরীক্ষা: ক্যাম্পাসে পরীক্ষার্থীর অভিভাবকের মৃত্যু

“তাৎক্ষণিকভাবে তাকে পার্কভিউ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 04:50 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে এক পরীক্ষার্থীর অভিভাবক মারা গেছেন। 

মৃত মো. ইব্রাহীম খলিলের (৬০) মেয়ে নাশিতা তাসনিম ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী। চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। তার দেশের বাড়ি কুমিল্লা।

শনিবার সকালে ইব্রাহীম খলিল তাসনিমকে নিয়ে ক্যাম্পাসে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরিয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেন তিনি। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এরপর তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় হঠাৎ তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে বিষয়টি দ্রুত চট্টগ্রাম মেডিকেল সেন্টারকে জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে পার্কভিউ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি।”