চট্টগ্রামে জাল নোটসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার দুজনের ভাষ্য, এ জাল টাকাগুলো তারা মাদক কেনাবেচায় ব্যবহার করেন।
চট্টগ্রামে এক হাজার টাকার ৩০০টি জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর স্টেশন রোড ও আইস ফ্যাক্টরি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জাল নোট তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান জানিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন- গিয়াস উদ্দিন (২৭) ও শহীদুল হক চৌধুরী ওরফে শাহীন (৩৫)।
গোয়েন্দা কর্মকর্তা নিহাদ আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোডের হোটেল সৈকতের সামনে থেকে জাল নোটসহ গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে আইস ফ্যাক্টরি রোডের শফি সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি বাসায় অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
“গ্রেপ্তার দুই জনের ভাষ্য, এ জালটাকাগুলো তারা মাদক কেনাবেচায় ব্যবহার করেন। ইয়াবা কেনার সময় তারা জাল টাকাগুলো দিয়ে দ্রুত সটকে পড়েন।”
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হবে বলে পুলিশ জানিয়েছে।
