২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা: চট্টগ্রামে বিএনপি নেতার বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

অ্যাম্বুলেন্স পেতে ০১৮১৯-০৯৬৮৬৮, ০১৮১৯-৮৮২২৪৩ ও ০১৮৩৩-৫০২৮৫৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2024, 09:19 PM

Updated : 26 Aug 2026, 10:20 AM

চট্টগ্রামে বন্যাকবলিত বিভিন্ন এলাকার প্রসূতি ও মুমূর্ষ রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন।

সোমবার দুপুরে পাঁচলাইশে ট্রিটমেন্ট হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়; বিনামূল্যে অ্যাম্বুলেন্স পেতে ০১৮১৯-০৯৬৮৬৮, ০১৮১৯-৮৮২২৪৩ ও ০১৮৩৩-৫০২৮৫৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত বলেন, “বন্যার কারণে গত ৪/৫ দিন ধরে সীমাহীন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফটিকছড়ি, হাটহাজারী, নাজিরহাটসহ চট্টগ্রাম জেলার বন্যাকবলিত এলাকার মানুষ অসহায় জীবন যাপন করছে।

“তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। এ এলাকার মানুষ সুপেয় পানি, সুষম খাদ্য ও চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে। অনেক প্রসূতি ও মুমূর্ষু রোগী আছেন যারা বন্যার কারণে অ্যাম্বুলেন্স সার্ভিস পাচ্ছে না।”

তিনি বলেন, “গত ১৬টি বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জেল-জুলুম-নির্যাতন মামলা আর হামলা উপেক্ষা করে জনগণের ভোটার অধিকার ও গণতন্ত্র মুক্তির সংগ্রামে রাজপথে থেকে জনগণের কল্যাণে বিএনপি জনগণের পাশে আছে। বিএনপির সবসময় দেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, চকবাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু উপস্থিত ছিলেন।