২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জুলাই সনদের মীমাংসা সংসদে না হলে রাজপথে গড়াতে পারে: নাহিদ

“যেহেতু জোটে আছি, সেই প্রেক্ষাপটে সামনে জোটগতভাবে স্থানীয় নির্বাচন হতে পারে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 01:03 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

সংসদে মীমাংসা না হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আন্দোলন রাজপথে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আর রাজপথে গড়ানোর বিষয়টি বিএনপির উপর নির্ভর করছে বলে মনে করছেন সংসদের এই বিরোধীদলীয় চিফ হুইপ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি নানা বিষয়ে কথা বলেন। 

সংসদে বিরোধী দলের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, “বাস্তবতা হলো, সংসদের দুই-তৃতীয়াংশ আসন সরকারের দখলে থাকায় বিরোধী দলের পরিসর অনেকটাই সংকুচিত। এই পরিস্থিতিতে আমরা স্পষ্টভাবে বলেছি, দেশের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে আমরা চাই না যে আন্দোলন রাজপথে গড়াক। 

“কিন্তু সংসদের মাধ্যমে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আন্দোলন রাজপথে গড়াতে পারে। তবে এটা বিএনপির ওপর নির্ভর করছে।”

আগামী স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “যেহেতু জোটে আছি, বর্তমান প্রেক্ষাপটে সামনে জোট নির্বাচন হতে পারে। নির্বাচনের পরিবেশ ঘনিয়ে এলে সেটা বলা যাবে। 

“বর্তমান পরিস্থিতিতে বলা যায়, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছি।”

ক্যাম্পাসে নাহিদের সঙ্গে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। 

এনসিপি নেতারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান, উপ উপাচার্য (প্রসাশন) মো. কামাল উদ্দিন ও চাকসু নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।