চট্টগ্রাম নগরীর তিন আসনে বাসদ-মার্কসবাদীর প্রার্থী ঘোষণা
এই তিনজন দলীয় প্রতীক কাঁচি নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীর তিনটি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী।
এই তিনজন দলীয় প্রতীক কাঁচি নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে শুক্রবার বিকালে বাসদ-মার্কসবাদীর চট্টগ্রাম জেলা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাসদ-মার্কসবাদী চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে দলের জেলা আহ্বায়ক শফি উদ্দিন কবির আবিদ, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনে জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা আহ্বায়ক আসমা আক্তার এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জেলা কমিটির সদস্য দীপা মজুমদারকে মনোনয়ন দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রার্থী হিসেবে মনোনীত নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের আন্দোলন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে ভূমিকা রেখে আসছেন।”
তারা ‘সার্বক্ষণিক’ রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতিকে সামাজিক দায়বদ্ধতা হিসেবে গ্রহণ করে জনগণের পক্ষে লড়াই করে যাচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চট্টগ্রাম-৯ আসনে মনোনীত আবিদ বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর আবিদ ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত। তিনি ২০০৮ সালেও একই আসনে সংসদ নির্বাচনে দলের প্রার্থী ছিলেন।
চট্টগ্রাম-১০ আসনে মনোনীত আসমা আক্তার গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সভাপতিও পদেও দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রামে বিভিন্ন বস্তিতে বসবাসরত শ্রমজীবি মানুষদের কাজ, আবাসন, শিক্ষা-স্বাস্থ্যের দাবিতে তিনি সোচ্চার এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি স্কুল, সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত।
চট্টগ্রাম-১১ আসনে মনোনীত দীপা মজুমদার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
