২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবর্জনার স্তূপে চাপা পড়ে মৃত্যু

টানা বৃষ্টিতে আবর্জনার স্তূপটি নরম হয়ে যাওয়ায় সেটি ঝেঁপে পড়ে বলে ধারণা পুলিশের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 06:41 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

চট্টগ্রামে ভাঙারি কুড়াতে গিয়ে আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে এক ব্যক্তির প্রাণ গেছে।

বৃহস্পতিবার নগরীর আরেফিন নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় সিনহা জানান।

নিহত মো. কামাল (৪০) চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে ‘কবর খননকারী’ হিসেবে নিযুক্ত ছিলেন। চাঁদপুরের হাজীগঞ্জে তার বাড়ি হলেও থাকতেন নগরীর আরেফিন নগর এলাকায়। এ ঘটনায় মো. শাকিল (২২) নামে এক যুবক আহত হন।

ওসি সঞ্জয় সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করব খননের পাশাপাশি কামাল ভাঙারি কুড়াতেন। সকালে আরেফিন নগর ময়লার ডিপোতে ভাঙ্গারি কুড়ানোর সময় ওপর থেকে ময়লার স্তূপ পড়লে তার নিচে চাপা পড়েন দুজন।

“আমাদের ধারণা, টানা বৃষ্টিতে আবর্জনার স্তূপটি নরম হয়ে গিয়েছিল। নিচ থেকে কিছু টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে ময়লার স্তূপ নিচে পড়ে।”

পরিচ্ছনতাকর্মীরা ময়লার স্তূপ সরিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কামালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।