দলীয় কর্মী জড়ো হওয়ার খবরে নওফেলের বাসায় পুলিশের অভিযান
সেখানে এ ধরনের কিছু দেখা যায়নি, বলেন পাঁচলাইশ থানার ওসি।
চট্টগ্রামের চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে নগরীর ষোলশহর এলাকার ওই বাসায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
আটকদের থানায় নিয়ে যাওয়ার কথা বলেছেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান।
চশমাহিলের এ বাড়ি নওফেলদের পৈত্রিক সম্পত্তি। এখানে সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী থাকতেন। নওফেলের রাজনৈতিক কার্যক্রমও এখান থেকে চলত। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি সাবেক এই শিক্ষামন্ত্রীকে। তিনি বিদেশে চলে গেছেন বলে খবরে এসেছে।
পাঁচলাইশের ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাসায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মীরা জড়ো হচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখানে এ ধরনের কিছু দেখা যায়নি।
“ওই বাসায় পরিবারের কেউ থাকেন না। ভবনের চতুর্থ তলায় একটি রেস্তোরাঁর জন্য রান্না হয়। সেখানে সাতজনকে পাওয়া গেছে তারা নিজেদের খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী দাবি করেছেন। আমরা যাচাই বাছাই ও জিজ্ঞাসাবাদের জন্য সেখানে থাকা সাতজনকে আমরা থানায় নিয়ে আসছি।”
চট্টগ্রামের তিন বারের মেয়র ও আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। বাসাটিতে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন থাকতেন। ২০২৪ সালের ৫ অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাসাটিতে কেউ থাকেন না।
থানা পুলিশ বলছে, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে কিছু যুবক পুলিশকে জানায় ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির জন্য নওফেলের বাসায় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তাদের তথ্যে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পাঁচলাইশ থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
চশমাহিলের ছয়তলা ভবনটির চতুর্থ তলায় রান্না হয়। সেখানে থেকে অনলাইনে খাবার সরবরাহ করা হয় জানিয়ে এক পুলিশ সদস্য বলেন, নওফেলের ভাই সালেহীন নগরীর নাসিরাবাদ এলাকার ইয়াকুব সেন্টারে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। ২০২৪ সালের ৫ অগাস্টের পর সেটি বন্ধ হয়ে যায়। তবে অনলাইনে তারা খাবার সরবরাহ করে।
