২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

শুভেচ্ছা সফর শেষে ১৫ অক্টোবর জাহাজ দুটি বাংলাদেশ ছেড়ে যাবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 12:38 AM

Updated : 26 Aug 2026, 10:39 AM

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসেছে চীনের নৌবাহিনীর দুইটি জাহাজ।

শনিবার চীনা নৌবাহিনীর দুটি জাহাজের একটি 'চি জি গুয়াং' চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আইএসপিআর বলেছে, চট্টগ্রামে আসা অপর চীনা জাহাজ ‘জিং গ্যাং শান’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করবে।

বন্দরে আসা জাহাজটির কর্মকর্তাদের এদিন স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান। নৌবাহিনীর বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।

এসময় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন বলে আইএসপিআর জানায়।

এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান সেগুলোকে অভ্যর্থনা জানায়।

চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ঝাই বাউরান ‘চি জি গুয়াং’ (১৬৩.৫ মিটার দৈর্ঘ্য) এবং রিয়ার অ্যাডমিরাল সান ঝংগি অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ (২১০ মিটার দৈর্ঘ্য) এর নেতৃত্ব দিচ্ছেন।

শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে ত্যাগ করবে।

দেশের জলসীমায় অবস্থানকালে চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার, জাহাজের অধিনায়ক, চীনা রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চলের, বিএন ফ্লিটের কমান্ডার, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, বানৌজা ঈশা খান, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল পরিদর্শন করবেন। 

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা ‘চি জি গুয়াং’ জাহাজটি পরিদর্শন করবেন।