চট্টগ্রামে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল: গ্রেপ্তার আরও ১
জিনিসপত্র ছিনিয়ে নেওয়া সাদা টি শার্ট পরা যুবকই গ্রেপ্তার সাদ্দাম।
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় রিকশা আরোহীকে ছুরির ভয় দেখিয়ে জিনিসপত্র কেড়ে নেওয়ার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকা থেকে সোমবার রাতে সাদ্দাম হোসেন (৪৩) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের শিকলবাহা এলাকার এ বাসিন্দার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর।
গোয়েন্দা পুলিশের দাবি, রিকশারোহীর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া সাদা টি শার্ট পড়া যুবকই গ্রেপ্তার সাদ্দাম।
শনিবার নগরীর কোতোয়ালী থানার অদূরে পাথরঘাটা সতীশ বাবু লেইনে ছুরি দেখিয়ে এক রিকশারোহীর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার একটি সিসি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় ছিনতাইয়ের ঘটনাটি শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আফতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার সাদ্দাম পেশাদার ছিনতাইকারী। তার কাছে আর কোনো পেশা নাই। তার বিরুদ্ধে ইতোমধ্যে নয়টি মামলার সন্ধান পাওয়া গেছে।
বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়ার পরও জামিনে ছাড়া পেয়ে সাদ্দাম পুনরায় ছিনতাইয়ের কাজে জড়িত হয় বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।
পরিদর্শক আফতাব বলেন, বছর খানেক আগে রোজার সময় নগরীর বক্সিরহাট পুলিশ বক্সের কাছে এক নারীকে ছুরিকাঘাত করে মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনার সাথে সাদ্দাম সম্পৃক্ত ছিল। এ ঘটনায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।
এর আগে শনিবার রাতে বাকলিয়া এলাকা থেকে মনির নামে একজন গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, মনিরের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে থাকা অন্য দুই জনের নামও জানা গেছে। তার দেওয়া তথ্যে ছিনতাই কাজে ব্যবহার করা অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
