২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসিন হত্যা: হত্যাকারীদেরকে ‘তথ্য দেওয়া’ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার এমরান হামলাকারীদেরকে তাহসিনের বিষয়ে তথ্য দিয়েছিল বলে পুলিশের ভাষ্য।

তাহসিন হত্যা: হত্যাকারীদেরকে ‘তথ্য দেওয়া’ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. এমরান

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 06:45 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে তাহসিন নামের এক যুবককে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. এমরান (১৯) নামের এ যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এমরান হত্যাকাণ্ডের দিন হামলাকারীদেরকে তাহসিনের বিষয়ে তথ্য দিয়েছিল বলে পুলিশের ভাষ্য। 

এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মোমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাহসিন হত্যার পর থেকে পুলিশ বিভিন্ন দিক নিয়ে তদন্ত করে আসছে। গ্রেপ্তার এমরান হামলাকারীদের নিহত তাহসিনের অবস্থানের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করেছিল।” 

ঘটনার দিন এমরানকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে গেছে। সিসি ক্যামেরায় তাকে দেখা গেছে।

ঘটনার দিন এমরানকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে গেছে। সিসি ক্যামেরায় তাকে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে থেকেই এমরান ঘটনাস্থলে ঘোরাঘুরি করছিল। হত্যাকারীরা মাইক্রোবাস নিয়ে আসার পর তাদের সাথে কথা বলেছিল। 

সিসি ক্যামেরার ফুটেজেও ঘটনাস্থলের আশপাশে এমরানের ঘোরাফেরার দৃশ্য ধরা পড়েছে বলেও জানান তদন্ত কর্মকর্তা। 

গত ২১ অক্টোবর বিকালে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় গুলি করে খুন করা হয় আফতাব উদ্দিন তাহসিনকে। হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেন বাবলার অনুসারীদের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরদিন রাতে তাহসিনের বাবা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ করে চান্দগাঁও থানায় মামলা করে।

মামলায় তিনি উল্লেখ করেন বালু-সিমেন্টের ব্যবসা করতেন তাহসিন। ঘটনার দিন ব্যবসায়িক কাজে অদুরপাড়া গিয়েছিলেন। সেখানে একটি দোকানে বসে চা পানের সময় কালো রংয়ের একটি নোহা গাড়িতে করে এসে আসামিরা তাহসিনকে কয়েকটি গুলি করে। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গত ২২ অক্টোবর রাতে পুলিশ পাঁচলাইশ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি জব্দ করে এবং শুক্রবার দুইজনকে গ্রেপ্তার করে।