যারা ভোট চান না, তাদের রাজনীতি করার দরকার কী: খসরু
“ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার মাধ্যমে জনগণকে মালিকানা ফিরিয়ে দিতে হবে; এর বাইরে আর কোনো পথ নেই,” বলেন দলের স্থায়ী কমিটির এ সদস্য।
যারা দেশে ভোট চান না, তাদের রাজনৈতিক দল করার ‘দরকার কী’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার নগরীর লালখান বাজার সংলগ্ন লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি নির্বাচনী প্রক্রিয়ায় ‘প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের’ উদ্দেশে বলেন, নির্বাচনের প্রক্রিয়া থেকে কেউ যদি সরে দাঁড়াতে চায়, তাদের বার্তা দিতে হবে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়; বাংলাদেশের মানুষ তার দেশের মালিকানা ফিরে পেতে চায়।
“আর আপনারা যারা গণতন্ত্র চান না, তাদের তো কেউ রাজনীতি করতে বলেনি।”
তিনি বলেন, "আপনারা যারা ভোট চান না, তাদের রাজনৈতিক দল করার দরকার কী! নির্বাচন করবেন না, আবার বলবেন আমি রাজনৈতিক দল। জনগণের কাছে যেতে চাইবেন না, আবার বলবেন আমি রাজনৈতিক দল। তো আপনি রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে। এটাই তো রাজনীতি।"
সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “সংস্কারের কথা বলা হচ্ছে, ঐক্যমতের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, সেখানে যতটুকুতে ঐক্যমত্য হবে তার বাইরে সময় নষ্ট না করে, লন্ডনে আমাদের তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের যে মিটিং হয়েছে, সেই মিটিং অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে মালিকানা ফিরিয়ে দিতে হবে। এর বাইরে আর কোনো পথ নেই।
তিনি বলেন, দেশের মানুষ একটি স্থিতিশীল বাংলাদেশ চায়, একটি সহনশীল বাংলাদেশ চায়, পরস্পর সম্মানবোধের জায়গায় যেতে চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চায়।
“মানুষ সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। সুতরাং একটাই পথ, দ্বিতীয় আর কোনো পথ নেই, দেশের মালিকের ভোটে নির্বাচিত সংসদ ও সরকার, এর কোনো ব্যতিক্রম নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিপু। প্রধান বক্তা ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূইয়া।
সম্মেলন উদ্বোধন করেন শিক্ষক সমিতির মহাসচিব ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন।
