চট্টগ্রামে চা বাগান থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
উপজেলার ভুজপুর থানার নিউ দাঁতমারা টি এস্টেট থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার ভুজপুর থানার নিউ দাঁতমারা টি এস্টেট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বেলাল হোসেন (৩৫) ভুজপুর বারমাসিয়া আদর্শ গ্রামের বাসিন্দা ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালক বেলাল মঙ্গলবার রিকশা নিয়ে বের হয়েছিলেন।
“রাত ৯টার দিকে তার স্ত্রীর সাথে মোবাইলে কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোনে আর সংযোগ পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দুপুরে চা বাগানে বেলালের লাশ পাওয়া যায়।”
পুলিশ কর্মকর্তা বলেন, “বেলালের অটো রিকশাটি পাওয়া যায়নি। আমাদের প্রাথমিক ধারণা অটোরিকশা ছিনতাইয়ের জন্য বেলালকে খুন করা হতে পারে। পাশাপাশি আর কোনো কারণে তাকে খুন করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”
