চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর গুলি, যুবক গ্রেপ্তার
মিজানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, অপহরণসহ সাতটি মামল দায়ের আছে বলে র্যাব জেনেছে।
চট্টগ্রামে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করে র্যাব জানিয়েছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের ওপরে গুলি ছুড়েছিলেন।
র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার নগরীর বায়েজিদ বোস্তামীর হরিপুর ব্রাহ্মণপাড়ার আবুল কালাম কলোনির একটি বাসা থেকে ৩০ বছর বয়সী মো. মিজানকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার ২০০ ইয়াবা ও একটি ছুরি জব্দ করা হয়।
গত ১৮ জুলাই বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর মিজানের গুলি ছোড়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছে র্যাব।
মিজানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, অপহরণসহ সাতটি মামলা আছে বলে জানিয়েছে র্যাব।
