১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দোকানের পণ্য রাস্তায়-ফুটপাতে নয়: চট্টগ্রামের মেয়র শাহাদাত

“দোকানদাররা দোকানের ভিতরে মাল রাখতে পারে। কিন্তু তারা ফুটপাতও দখল করে ফেলেছে, রাস্তাও দখল করে ফেলেছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 01:51 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

দখল ঠেকাতে চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাতে দোকানের কোনো পণ্য রাখা যাবে না বলে সতর্ক করেছেন মেয়র চিকিৎসক শাহাদাত হোসেন। 

মঙ্গলবার নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হোটেল সৈকতের পাশে সড়ক দখল ঠেকাতে ফুলের টব স্থাপন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন করার সময় তিনি কথা বলছিলেন। 

এসময় মেয়র শাহাদাত হোসেন বলেন, “হকারদেরকে কখনো স্থায়ীভাবে উচ্ছেদ আমি করি না। কারণ তাদেরও পরিবার আছে। কিন্তু এখানে যারা, তাদের প্রত্যেকের দোকান আছে। দোকানদাররা দোকানের ভিতরে মাল রাখতে পারে। কিন্তু তারা ফুটপাতও দখল করে ফেলেছে, রাস্তাও দখল করে ফেলেছে। 

“বেশ কয়েকদিন ধরে এটা অবজার্ভ করছিলাম। আগেও একবার এখানে এসেছিলাম। দেখলাম সমস্ত ফলের- কাঁঠাল, আম, তাল যতকিছু আছে পুরা রাস্তার অর্ধেক জুড়ে এরা দখল করে থাকে। যার কারণে এখানে যানজট লেগে থাকে। আর মানুষ হাঁটতে পারে না।” 

কাউকে উচ্ছেদ করা হচ্ছে না তিনি বলেন, “রেলপথে যারা চট্টগ্রামের বাইরে থেকে বিদেশ থেকে এই শহরে আসে তারা এই পথ দিয়ে যায়। এতে চট্টগ্রামের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে। এই জায়গার সৌন্দর্য রক্ষা করতে হবে। আজ গাছ লাগিয়েছি। এখানে শ্রমিক নেতারা আছেন। সৌন্দর্য রক্ষার বিষয়ে তারাও ঐক্যবদ্ধ। 

“এখানে কাউকে উচ্ছেদ করছি না। তাদের দোকান আছে। দোকানে তারা মালগুলো রাখবে। ক্রেতারা দোকান থেকে পণ্য নিতে পারবে। আরো যেসব জায়গায় দোকানদাররা রাস্তায় পণ্য রাখে সেগুলো সরানো হবে।” 

নগরীর মাছুয়া ঝর্ণা এলাকায় মাছের দোকানদাররা সড়কে মাছ রেখে বিক্রিবাটা চালিয়ে আসছেন, তা করা যাবে না জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, “তাদেরও দোকান আছে। অথচ রাস্তায় রেখে মাছ বিক্রি করে। একটা একটা টার্গেট করছি। সব সরানো হবে।”  

নগরীতে কাতালগঞ্জ ও বিপ্লব উদ্যানের পিছনের স্থানসহ যেসব জায়গায় উন্মুক্তভাবে আবর্জনা পড়ে থাকে সেরকম ১২টি স্থান চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র শাহাদাত বলেন।

তিনি বলেন, “যেখানে সমস্যা হচ্ছে সেখানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরি করছি।” 

এরআগে সোমবার আগ্রাবাদ এলাকায় পরিদর্শনে গিয়ে সেখানে সন্ধ্যা ছয়টার আগে ফুটপাতে কোনো হকার বসতে পারবে না বলেও নির্দেশনা দিয়েছেন মেয়র।