চবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফলাফলে ভুল
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, টেলিটকের দেওয়া তথ্যে যশোর বোর্ডে এসএসসির জিপিএ-তে দশমিকের পরে একটি সংখ্যা ‘কম ছিল’ বলে এই জটিলতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'এ' ও 'সি ইউনিটের ফলাফলে ভুল ধরা পড়েছে; ভর্তি পরীক্ষার কোর কমিটি অনুমোদন দিলে এখন ২৭৩ জনের মেধাক্রম পরিবর্তন হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মো. খায়রুল ইসলাম বলছেন, ‘কারিগরি ত্রুটির কারণে’ পরীক্ষার ফলাফলে এই জটিলতা সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এইচএসসি ও এসএসসির জিপিএ-এর তথ্য টেলিটকের কাছ থেকে কিনে নিতে হয়। টেলিটক যে তথ্য দিয়েছে তার মধ্যে যশোর বোর্ডের এসএসসির জিপিএ-তে দশমিকের পরে একটি সংখ্যা কম ছিল।
“ফলাফল প্রকাশের দুদিন পর যশোর বিভাগের এক ভর্তীচ্ছু অভিযোগ করলে আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করি। তাতে যশোর বোর্ড থেকে 'এ' ইউনিটে আরও ২২২ জন এবং 'সি' ইউনিটে আরও ৫১ জন শিক্ষার্থী পাস করেছে।
“এ সমস্যার সমাধানে আজ ভর্তি পরীক্ষার কোর কমিটির মিটিং হয়েছে। আমাকে বলা হয়েছে, সংশোধনী কোর কমিটির কাছে জমা দিতে। পরের সিদ্ধান্ত তারা নেবেন।"
অধ্যাপক খায়রুল বলেন, ফল সংশোধন হলেও মেধাক্রমে তার ‘খুব একটা প্রভাব’ পড়বে না। কারণ নতুন পাস করা শিক্ষার্থীর সংখ্যা ‘খুব সামান্য’।
“তবে যার মেধাক্রম যেটা হওয়ার কথা, সেটাই আসবে,” বলেন তিনি।
গত শনিবার বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়; দুটি ইউনিটে যথাক্রমে ৩৮ দশমিক ৬৮ শতাংশ ও ২৪ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়।
আরও পড়ুন
