চবিতে ভর্তি: 'এ' ইউনিটের উত্তীর্ণ ৩৮.৬৮%
শনিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ৩৮ দশমিক ৬৮ শতাংশ ভর্তীচ্ছু।
শনিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ১৩ হাজার ৫৬৯ জন এবং অকৃতকার্য হয়েছে ১৯ হাজার ৫৮০ জন।"
গত মঙ্গলবার 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৫৪ হাজার ১০৬ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩১৪৯ জন (৬১.২৭%)।
‘বি’ ইউনিটে উপস্থিতি ৭৪.৫ শতাংশ
এদিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৪ দশমিক ৫০ শতাংশ ভর্তীচ্ছু।
শনিবার সকাল ও বিকাল দুই শিফটের পরীক্ষায় মোট ২৬ হাজার ৬৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানান 'বি' ইউনিটের কো-অর্ডিনেটর এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'বি' ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ১২২ জন অনুপস্থিত ছিলেন।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ ইউনিটে এক হাজার ২২১ টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৩৫ হাজার ৭৭৯ জন ভর্তিচ্ছু।
সোমবার 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন আবেদন করেছেন।
