চট্টগ্রামে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, শিশু মেয়ে পড়েছিল বিছানায়
মেয়েকে হত্যার পর মা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রামের ফটিকছড়ির একটি ভবনের নিচতলার বাসা থেকে এক নারী ও তার ১৬ মাস বয়সী কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি পৌর সদরের বিবিরহাট বাজারের কামাল ভবন থেকে লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
আফরোজা আফরিন (২৬) নামে ওই নারীর লাশ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাচানো অবস্থায় ঝুলছিল। আর বিছানায় পড়েছিল তার শিশু মেয়ে আতকিয়া আয়েশার নিথর দেহ।
আফরোজা এনজিও কর্মী আনোয়ার হোসেনের স্ত্রী। মেয়েকে হত্যার পর আফরোজা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।
ফটিকছড়ি থানার এসআই মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে মেয়েকে নিয়ে নিজের শয়নকক্ষের দরজা বন্ধ করে দেন আফরোজা। পরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন।
“এরপর ঘরের দরজা ভেঙে বিছানায় শোয়ানো অবস্থায় মেয়ে আতকিয়া এবং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা আফরোজার লাশ উদ্ধার করা হয়।”
এসআই মজিবুর বলেন, “কামাল ভবনের নিচতলায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন আফরোজা। তিনি ‘মানসিকভাবে অসুস্থ ছিলেন’ বলে পরিবারের সদস্যরা আমাদের বলেছেন। এজন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন।”
