২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শালিক-চড়ুই জবাইয়ের পর ঘুঘু কিংবা ডাহুক হয়ে ঢুকত রেস্তোরাঁয়

কৈইনপুরা বিল থেকে পাখিগুলো শিকারের জবাই করে নগরীতে নিয়ে যাওয়া হচ্ছিল বিভিন্ন হোটেলে সরবরাহ করতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 06:43 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

চট্টগ্রামে বিল থেকে ধরা পাখি জবাই করে হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের কাছ থেকে তিন বস্তা ভর্তি জবাই করা পাখি পাওয়া গেছে। এসব পাখির মধ্যে শালিক, চড়ুই, বাবুই পাখিও রয়েংছে। 

পুলিশ বলছে, এসব পাখি জবাইয়ের পর ঘুঘু কিংবা ডাহুক বলে রেস্তোরাঁয় সরবরাহ করা হতো।   

আনোয়ারা উপজেলা সদরে মঙ্গলবার রাতে পাখিসহ গ্রেপ্তার করা তিনজন হলেন- ছৈয়দুল আলম (৬০), মো. ইদ্রিস (৬৫) ও মো. সোহেল (৩০)। তারা পটিয়া উপজেলার শোভনদণ্ডীর বাসিন্দা। 

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অটোরিকশা তল্লাশি করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনটি বস্তা ভর্তি জবাই করা পাখিগুলো জব্দ করা হয়। 

“জব্দ করা পাখিগুলোর মধ্যে ১৩৫টি শালিক, ৪২২টি চড়ুই এবং ১৪০টি বাবুই পাখিসহ মোট ৬৯৭টি পাখি ছিল।”

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, উপজেলার ইছামতি নদীর তীর সংলগ্ন কৈইনপুরা বিল থেকে পাখিগুলো শিকার করা হয়েছিল। পরে সেগুলো জবাই করে নগরীতে নিয়ে যাওয়া বিভিন্ন হোটেলে সরবরাহ করতে। 

“শিকার করা পাখিগুলো হোটেলে দেওয়ার আগে তারা ড্রেসিং করে এবং ঘুঘু, ডাহুক বলে সরবরাহ করার কথা জানিয়েছে।”

ওসি বলেন, “বিষয়টি খুবই অমানবিক। গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”